কক্সবাজারের রামুতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জাসেদুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে মো. হামিম নামের এক যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।
নিহত জাসেদুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগমারা (ছমেয়ার বাপের বাড়ি) এলাকার মোহাম্মদ মুফিজুর রহমানের ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কামালের নাতি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার এশার নামাজের পর জাসেদুল ইসলাম চারটি মোটরসাইকেলে আট বন্ধুর সঙ্গে কক্সবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে রাত আনুমানিক ২টার দিকে রামু থানা এলাকার সামনে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে তাঁদের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীই গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাসেদুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে হামিমের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছে পরিবার।
ভয়াবহ এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি তিনি অবহিত হয়েছেন। তবে দুর্ঘটনাস্থল রামু থানা এলাকায় হওয়ায় এ ঘটনায় সংশ্লিষ্ট সব আইনি প্রক্রিয়া রামু থানা পুলিশ গ্রহণ করবে।