রাজধানীর নয়া পল্টনে ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের মারধর, মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-ভাঙচুর ও লুটপাট এবং কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি দাবি করেন, গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে স্থাপনাটি গুঁড়িয়ে দিয়ে দখলের জন্য একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী, চিকিৎসাকেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে দখলের ঘটনায় সংরক্ষিত নারী আসনের বিএনপির এক সংসদ সদস্যের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। একই সঙ্গে স্বাস্থ্যসেবা পুনরুদ্ধারে ক্ষতিপূরণ, অবকাঠামো সংস্কার ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পাশাপাশি সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বরে নিউগ্রিনি প্রোপার্টিজে অবস্থিত কন্টেন্ট ক্রিয়েটর ও জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীরা রামদা ও কুড়াল নিয়ে স্টুডিওতে ঢুকে বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর এবং মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে গণমাধ্যমে খবর এসেছে। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া শনিবার বিকেলে নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে হামলা ও ভাঙচুরের অভিযোগও করেন গোলাম পরওয়ার। তার দাবি, কথিত স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতা লিয়ন ও ফরহাদের নেতৃত্বে একদল ব্যক্তি হাসপাতালের গ্লাস ও সিসি ক্যামেরা ভাঙচুর এবং রিসেপশনের কর্মকর্তাদের মারধর করেন।
এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ভেঙে পড়েছে। স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা এবং দখলবাজির ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। নাগরিকদের জানমাল ও দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান জামায়াতের এই নেতা।