তিন পার্বত্য কমিটি বাতিলের দাবি জনসংহতি সমিতির

পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকার কর্তৃক 'জাতীয় কমিটি', 'নির্বাহী কমিটি' ও 'পরামর্শক কমিটি' নামক তিনটি উচ্চপর্যায়ের কমিটি গঠনকে চুক্তি পরিপন্থী ও একতরফা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)।

জনসংহতি সমিতির পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, পার্বত্য চুক্তিকে পাশ কাটিয়ে এবং চুক্তির মৌলিক বিধানগুলোকে উপেক্ষা করে এসব কমিটি গঠন করা হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে পার্বত্য অঞ্চলকে সামরিকীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়।
জনসংহতি সমিতির মতে, পাহাড়ের সমস্যাকে রাজনৈতিক উপায়ে সমাধানের পরিবর্তে 'সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ' হিসেবে দেখার এই প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল ও অস্থিতিশীল করে তুলবে। এছাড়া, এসব কমিটিতে পার্বত্য আঞ্চলিক পরিষদকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বাইরে রেখে কেবল পরামর্শক ভূমিকায় রাখার সমালোচনা করা হয়েছে।

বিবৃতিতে জনসংহতি সমিতি অবিলম্বে গঠিত তিন কমিটি বাতিল, পার্বত্য চুক্তি অনুযায়ী গঠিত 'চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটি', 'ভূমি কমিশন' ও 'টাস্কফোর্স' পুনর্গঠন এবং সময়সূচিভিত্তিক রোডম্যাপ গ্রহণের মাধ্যমে চুক্তি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে।