বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই লক্ষ্যে আর্জেন্টিনার বংশদ্ভুত স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলাকে নিয়োগ দিয়েছে সাদা-কালোরা। রবিবার ঢাকায় এসে দায়িত্ব নিয়েই দলকে চ্যাম্পিয়ন করার প্রত্যয় জানিয়েছেন নতুন কোচ।
গত মৌসুমে শিরোপা ধরে রাখতে পারেনি মোহামেডান। লিগ শেষ করেছে পঞ্চম স্থানে থেকে। এবার দলবদলে ইমানুয়েল সানডে, আগবাজি ও সুলেমান দিয়াবাতেদের মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়ে শিরোপা পুনরুদ্ধারের প্রস্তুতি নিয়েছে ক্লাবটি। পাশাপাশি দায়িত্ব দেওয়া হয়েছে নতুন বিদেশি কোচকে।
ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারেলাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেখানে নিজের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘আমি অত্যন্ত প্রতিযোগিতামূলক মনের মানুষ। আমি চাই খেলোয়াড়েরা অনুশীলনে, মাঠে এবং প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব রাখুক। তাই আমার লক্ষ্য সবসময়ই থাকে যে প্রতিযোগিতাতেই খেলি না কেন, তাতে জয়লাভ করা। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব।’
ভারেলা ২০১৮ সাল থেকে ভারতে কাজ করছেন। দেশটির সর্বোচ্চ স্তরের লিগে কেরালা এফসি ও ব্রাদার্স এফসির প্রধান কোচ ছিলেন তিনি। ২০২৪ সালে বাংলাদেশে কাজ করার কথা থাকলেও সে সময় একটি ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি আর এগোয়নি। এবার মোহামেডানের প্রস্তাব পেয়ে দায়িত্ব নিতে রাজি হয়েছেন ইউয়েফা প্রো-লাইসেন্সধারী এই কোচ। বাংলাদেশে কাজ করতে মুখিয়ে থাকার কথা জানিয়ে ভারেলা বলেন, অতীতে কী হয়েছে, তা নিয়ে পড়ে থাকতে চান না। বরং বর্তমান দায়িত্বেই মনোযোগ দিতে চান তিনি।
মোহামেডানের দলে চার বিদেশি ফুটবলার ও জাতীয় দলের ছয় খেলোয়াড় রয়েছেন। তাঁদের উপস্থিতি কোচের কাজ সহজ করবে কি না, এমন প্রশ্নে ভারেলা বলেন, খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে একাদশ নির্বাচন করবেন তিনি। তাঁর ভাষায়, ‘আগামী ম্যাচে কে খেলবে বা কে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত, তা আমি গত কয়েক সপ্তাহের পারফরম্যান্স দেখে যাচাই করব। এটাই আমার কাজের ধরন। এভাবেই আমি তাদের ওপর চাপ সৃষ্টি করি, যাতে তারা আত্মতুষ্টিতে না ভোগে, বরং নিজেদের পজিশনের জন্য লড়াই করে।’ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমরা এমন একটি খেলার ধরন উপহার দেব, যা দেখে আপনারা আনন্দ পাবেন, উপভোগ করবেন এবং আমরা অবশ্যই শিরোপার জন্য লড়ব।’
সংবাদ সম্মেলনে মোহামেডান সভাপতি বরকত উল্লাহ বুলু বলেন, ক্লাবের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছেন তাঁরা। তাঁর দাবি, দেশের ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ বাজেটের দল গড়েছে মোহামেডান। ভারেলার হাত ধরে দল চ্যাম্পিয়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া জানান, ভারেলাকে নিয়োগ দেওয়ার আগে তাঁর সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। দল যে মানের হয়েছে, সে অনুযায়ী কোচও নিয়োগ দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি। মোহামেডানের ১৯৭০ ও ১৯৮০-এর দশকের ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যাশাও জানান লোকমান।
ডাইরেক্টর ইনচার্জ অব স্পোর্টস মোস্তাকুর রহমান বলেন, ‘মোহামেডানের স্থানীয় খেলোয়াড়েরাই ক্লাবের প্রাণ।’ আর সাবেক খেলোয়াড় রুম্মন বিন ওয়ালি সাব্বির খেলোয়াড়দের মাঠে নিজেদের প্রমাণ করার আহ্বান জানান। দলের গোলকিপিং কোচ সাইদ হাসান কানন বলেন, ‘১৬ বছর পর এবার ভালো দল গড়তে পেরেছে মোহামেডান। নতুন কোচের সময়সূচি অনুযায়ী অনুশীলনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
গত শনিবার থেকে খেলোয়াড়দের মাঠের অনুশীলন শুরু হয়েছে। ভারেলা দূর থেকে অনুশীলন তদারকি করলেও আগামীকাল তাঁর অধীনে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে দল। নিজস্ব মাঠ না থাকায় ধানমন্ডি মাঠ ও মোস্তফা কামালের টার্ফে অনুশীলন করবে মোহামেডান।