টাকা আত্মসাৎ করে বিদেশ পাচার মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট ৫৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছে। 

রবিবার (২৭ সেপ্টম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলার অন্য প্রধান আসামিরা হলেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (৫৬), তার স্ত্রী ইউসিবএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬), সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী (৪৬) ও  রোকসানা জামান চৌধুরীসহ ৩৬ জন।

অভিযোগপত্রে বলা হয়, আরামিট গ্রুপের প্রেটকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন  ট্রেডিং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন নেওয়া হয়। পরবর্তীতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার কর্মচারীদের মাধ্যেম সেই টাকা তুলে হুণ্ডির মাধ্যেম বিদেশ পাচার করে সম্পত্তি কিনে নেন। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ আত্মসাতের ঘটনা ঘটে।

চলিত বছর ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালেয়র উপ-পরিচালক মো. মিশউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।

এর আগে ২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মিশউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি করেছিলেন। মামলার ৩১ আসামির মধ্যে দুইজন মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে সুপারিশ করেছেন। তারা হলেন- ইউসিবএল’র সাবেক ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ আব্দুল আউয়াল ও কাজী মোহাম্মদ দিলদার আলম নামে জাবেদের ব্যবসা প্রতিষ্ঠানের এক কর্মচারী। 

বাকি ২৯ জনের সঙ্গে তদন্তে পাওয়া সাতজনসহ মোট ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল দুদক। অভিযোগপেত্র ৯২ জনকে সাক্ষী করা হয়েছে বলে উল্লেখ করা হয়।