রোবোটিক সার্জারি চালু করল স্কয়ার হসপিটাল

দেশের চিকিৎসা ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির নতুন মাত্রা যোগ করেছে স্কয়ার হসপিটাল। বিশ্বমানের নিরাপদ ও আধুনিক অস্ত্রোপচারের নতুন অধ্যায় সূচনার লক্ষ্যে হাসপাতালটি রোবোটিক সার্জারি সেবা চালু করেছে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে আসছে স্কয়ার হসপিটাল। এরই ধারাবাহিকতায় আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অত্যাধুনিক রোবোটিক সার্জারি সেবা প্রদান শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে উন্নত চিকিৎসার জন্য দেশের রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন কমবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, রোবোটিক সার্জারির মাধ্যমে তুলনামূলক সাশ্রয়ী ব্যয়ে নিখুঁত অস্ত্রোপচার করা সম্ভব। এ পদ্ধতিতে রোগীর রক্তপাত ও বিভিন্ন জটিলতা কমানোর পাশাপাশি হাসপাতালে থাকার সময়ও কমে আসে। ফলে রোগীরা দ্রুত কর্মক্ষেত্র ও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

স্কয়ার হসপিটাল জানিয়েছে, বাংলাদেশে হাসপাতালটির রোবটিক সার্জারি ব্যবস্থায় দুটি কনসোল রয়েছে। এর মাধ্যমে নতুন রোবোটিক সার্জনদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। রোবটের বাণিজ্যিক ব্যবহারের পাশাপাশি দেশের কর্মরত চিকিৎসকদের প্রশিক্ষণের জন্যও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া রোবোটিক সার্জারি ব্যবস্থায় রিমোট সার্জারির সুবিধা রয়েছে। এর মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকা রোগীর অস্ত্রোপচার করার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোগ নির্ণয়ের জন্য স্কয়ার হসপিটালে ‘মোনালিসা’ নামের একটি বিশেষ রোবটও রয়েছে। এর মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে প্রস্টেট ক্যানসার শনাক্ত করা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে এ পদ্ধতিতে অনেক রোগীর ক্যানসার শনাক্ত করে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্বমানের রোবোটিক সার্জারি প্রযুক্তির মাধ্যমে সফলভাবে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করে চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এই অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা খাতকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি রোগীদের নিরাপদ ও আরামদায়ক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।