পার্কিংয়ের জায়গায় দোকান, ফুটপাতে ব্যবসা: একাধিক প্রতিষ্ঠানকে সিডিএর ৭ দিনের আলটিমেটাম

চট্টগ্রাম নগরীর অন্যতম প্রধান যানজটপ্রবণ এলাকা জিইসি মোড়ের শপিং কমপ্লেক্স ও বাণিজ্যিক ভবনগুলোতে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে ভবনের পার্কিং স্পেস বাণিজ্যিক কাজে ব্যবহার, অনুমোদন ছাড়াই ভবন তৈরি এবং ফুটপাত দখলের দায়ে একাধিক প্রতিষ্ঠানকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, সিডিএ চেয়ারম্যানের নেতৃত্বে একটি দল জিইসি মোড় সংলগ্ন সেন্ট্রাল প্লাজা, কামাল স্টোর সংলগ্ন ভবন, মেরিডিয়ান রেস্টুরেন্ট ভবন এবং রাস্তার অপর পাশে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভবন থেকে নাসিরাবাদ বয়েজ স্কুল পর্যন্ত এলাকার বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা পরিদর্শন করেন।

সিডিএ কর্মকর্তারা জানান, পরিদর্শনকালে সেন্ট্রাল প্লাজা কর্তৃপক্ষের কাছে অনুমোদিত নকশা দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। সেন্ট্রাল প্লাজার আওতায় থাকা তিনটি মার্কেটের কোনোটির কর্তৃপক্ষই তাৎক্ষণিকভাবে অনুমোদনপত্র ও নকশা উপস্থাপন করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে আগামী সাত দিনের মধ্যে সব অনুমোদিত কাগজপত্রসহ সিডিএ কার্যালয়ে সংশ্লিষ্ট অথরাইজড অফিসারের সাথে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া, মূল সড়কের ফুটপাত দখল করে গড়ে তোলা দোকানপাটের বর্ধিত অংশ ও অননুমোদিত স্থানে টাঙানো সাইনবোর্ডগুলো নিজ দায়িত্বে অপসারণের জন্য সাত দিনের আলটিমেটাম দেয় সিডিএ।

পরিদর্শন শেষে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, “জিইসি মোড় নগরীর যানজটের অন্যতম বড় হটস্পট। পরিদর্শনে দেখা গেছে, বহু শপিং কমপ্লেক্স ও বাণিজ্যিক ভবন নিজেদের পার্কিংয়ের নির্ধারিত জায়গায় গাড়ি না রেখে বাণিজ্যিক দোকান বা স্থাপনা নির্মাণ করেছে। পাশাপাশি পথচারীদের স্বাভাবিক চলাচলের ফুটপাত দখল করে মালামাল রাখা হয়েছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ প্রথম দিন হওয়ায় আমরা কাউকে শাস্তি না দিয়ে প্রাথমিকভাবে সতর্ক করে সাত দিনের সময় দিয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ উদ্যোগে অনিয়ম সংশোধন না করলে সিডিএর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী জরিমানা, অননুমোদিত অংশ উচ্ছেদসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”