আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ৭

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শ্রীনগর উপজেলার হরিবাড়ি সেতুর পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যা ৬টার দিকে নিজ কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

গ্রেপ্তারদের কাছ থেকে র‍্যাবের কটি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, র‍্যাবের লোগোযুক্ত পরিচয়পত্র, খেলনা পিস্তল, ইলেকট্রিক শক মেশিনসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি রুপালি রঙের টয়োটা ক্রাউন মাইক্রোবাস ও একটি লাল রঙের হিরো এক্সব্লেড মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নওগাঁর বদলগাছীর চাকরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন (৩০), রাজবাড়ীর পাংশার চাকরিচ্যুত সেনাসদস্য সার্জেন্ট মিজানুর রহমান (৪১), শরীয়তপুরের সখিপুরের ফরহাদ হোসেন (৪০), বরগুনার আব্দুল আলীম (৩২), মাগুরার সাকিবুর জামান মেহেদী (২৬), ভোলার চরফ্যাশনের মেহেদী হাসান সুজন (৩৫) ও বরগুনার আবু হানিফ (৩২)। আবু হানিফ ওই দলের মাইক্রোবাসের চালক।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান,রবিবার দুপুরে তারা জানতে পারেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ছনবাড়ী-ইছাপুরা সড়কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছদ্মবেশে একটি চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে হরিবাড়ি সেতুর পূর্ব পাশে ডিবির একটি দল চেকপোস্ট বসায়। সেখানে দ্রুতগতিতে চলা সন্দেহজনক একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়।

এ সময় মাইক্রোবাসে থাকা এক ব্যক্তি কালো রঙের র‍্যাবের কটি পরা অবস্থায় হাতে থাকা ওয়াকিটকি দেখিয়ে নিজেকে র‍্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। পরে তার পরিচয় নিয়ে সন্দেহ হলে ডিবি পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তারা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়।

পুলিশ সুপার দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, শ্রীনগর বাজারের এক স্বর্ণ ব্যবসায়ী প্রায় দেড় কেজি স্বর্ণ নিয়ে মুন্সীগঞ্জ সদরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তারা ওই সড়কে যাচ্ছিলেন। এ ছাড়া চক্রটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছদ্মবেশ ও সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল বলে জানান তিনি।