পটিয়ায় যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছে পটিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্ধা কাচারি পুকুরপাড় এলাকা থেকে কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. নাজিম উদ্দিন (৪৭)কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার ১ নম্বর ওয়ার্ডের মৃত আবু তালেবের ছেলে।

একই অভিযানে পটিয়া পৌরসদরের মুন্সেফ বাজার এলাকা থেকে হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী মো. আরিফ (৪৩)কে গ্রেপ্তার করা হয়। তিনি পশ্চিম হাইদগাঁও ১ নম্বর ওয়ার্ডের মৃত মো. আবু জাফরের ছেলে।

এ ছাড়া রোববার বিকেলে শোভনদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুরাংগিরি বাদশা মিয়া বাড়ি থেকে পটিয়া উপজেলা ছাত্রলীগের উপক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম (২১)কে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ। তিনি ওই এলাকার আব্দুল আলিমের ছেলে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বলেন, পুলিশের চলমান অভিযানে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।