সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নামে মেধাবী প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘চাকরি নিয়ে প্রহসন চলবে, চলবে না’, ‘আবু সাঈদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘চাকরি নিয়ে টালবাহানা চলবে না, চলবে না’, ‘প্ল্যান প্ল্যান কিসের প্ল্যান, ভেরিফিকেশনের মাস্টার প্ল্যান’ এবং ‘দলীয়করণের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে’সহ বিভিন্ন স্লোগান দেন চাকসুর নেতাকর্মীরা।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মো. মোনায়েম শরিফের সঞ্চালনায় এতে বক্তব্য দেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব এবং যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা।
যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, এ সরকার ম্যানেজিং কমিটিতে হাত দেয়, ভাইবার নাম্বার বৃদ্ধি করে দলীয় লোক নিয়োগের কথা ভাবে। এখন ভেরিফিকেশনের নাম দিয়ে মেধাবীদের বাতিল করতে চাই। আপনারা যদি পাঁচ বছর সুন্দর করে পার করতে চান, তাহলে ছাত্র সমাজের বিরোধী কোনো সিদ্ধান্ত নিবেন না। বাংলার মানুষ আপনাদের এসব প্ল্যান বেশিদিন দেখবে না।
জিএস সাঈদ বিন হাবিব বলেন, আমরা দেখেছি সরকার বিভিন্ন চেয়ারম্যানের পদসহ তাদের লোক দিয়েছে। একের পর এক দলীয়করণ করে। এককেন্দ্রিক শাসনব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এর আগে দেখেছেন তারা কমিটির মাধ্যমে নিয়োগ, ভাইবার নাম্বার বৃদ্ধি করতে চেয়েছিল, কিন্তু তার সফল হয়নি। আশা করি তারাই এ সিদ্ধান্ত থেকে ফিরে আসবে। বাংলাদেশের জনগণ যেভাবে চায়, সে আলোকে দেশ পরিচালনা করুন। সবাই সহযোগিতা করবে, আমরাও চাই পাঁচ বছর আগে আপনারা হাসিনার মতো চলে না যান।