দিনে গরম রাতে ঠান্ডার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজ

সারা দেশে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া বুলেটিনে বলা হয়, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকা, ফেনী, চাঁদপুর ও খুলনায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জ ও সন্দ্বীপে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ঢাকার আরিচায় ১ মিলিমিটার।

রবিবার সন্ধ্যা ৬টায় দেশের বাতাসের আদ্রতা ছিল ৬৬ শতাংশ। এই সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ৮ থেকে ১২ কিলোমিটার। 

আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্যানুযায়ী জানায়, উত্তরপপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

বর্ধিত আগামী পাঁচদিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট অফিস জানিয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।