মেসির অবিশ্বাস্য ফ্রি কিক গোলেও হার এড়াতে পারলো না মায়ামি

লিওনেল মেসির ক্যারিয়ারসেরা এক ফ্রি-কিক গোলেও জয়ের দেখা পেল না ইন্টার মায়ামি। ইনজুরি টাইমের নাটকীয় শেষ মুহূর্তে গোল হজম করে কলম্বাস ক্রুর কাছে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

রবিবার রাতে লোয়ার.কম ফিল্ডে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের ২৮তম মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিক কলম্বাস ক্রুকে এগিয়ে নেন তাদের ফরোয়ার্ড জোসেফ মার্তিনেজ।

তবে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি। ম্যাচের ৩৩তম মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক থেকে একটি ফ্রি-কিক পায় তারা। সাধারণত সেখান থেকে বক্সে ক্রস বাড়ানোর প্রত্যাশা করা হলেও, ফুটবলের বিষ্ময় লিওনেল মেসি এক দুর্দান্ত বাকানো শটে সরাসরি বল পাঠিয়ে দেন জালে। গোলরক্ষককে পরাস্ত করে দূরের পোস্ট দিয়ে বলটি ঠিকানা খুঁজে নিলে সমতায় ফেরে মায়ামি। এটি ছিল মেসির ক্যারিয়ারের ৭৬তম ফ্রি-কিক গোল এবং চলতি এমএলএস মৌসুমে তার ২১তম গোল।

দ্বিতীয়ার্ধে মায়ামির ডেভিড আয়ালা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় যোগ করা অতিরিক্ত সময়ে। ৯০+৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির বদলি খেলোয়াড় সান্তিয়াগো মোরালেস। ১০ জনের দলে পরিণত হওয়া মায়ামির গোলরক্ষকের ভুল সুযোগ নিয়ে ৯০+৮ মিনিটে জয়সূচক গোলটি করেন জামাল থিয়ারে।

এই হারে ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তিন নম্বরে অবস্থান করছে ইন্টার মায়ামি। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়বঞ্চিত রইল দলটি। মায়ামির পরবর্তী ম্যাচ আগামী ১১ অক্টোবর, ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে