চকরিয়ায় গ্যারেজে অগ্নিকাণ্ড, যা জানা গেল

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে টমটম অটোরিকশার একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ইজিবাইক পুড়ে ছাই হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে হারবাং বাসস্টেশনসংলগ্ন সারফরাজ মার্কেটের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গ্যারেজ পরিচালক আরমান উল্লাহ শিকদার জানান, সারফরাজ মার্কেটের নিচতলায় তার গ্যারেজে দুটি কক্ষ রয়েছে। তিনি তখন দ্বিতীয় কক্ষে ছিলেন। হঠাৎ প্রথম কক্ষ থেকে বিকট শব্দ শুনতে পেয়ে সেখানে গিয়ে আগুন দেখতে পান। আগুন নেভানোর জন্য গ্যারেজে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে নিজের সাধ্যমতো চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

পরে তিনি গ্যারেজ থেকে বের হয়ে চিৎকার করে স্থানীয়দের ডাকেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মুহূর্তের মধ্যে স্থানীয় শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

স্থানীয়রা জানান, সারফরাজ মার্কেটের ওপরের তলা এবং পাশের হারবাং সিটি সেন্টারের তৃতীয় তলার ছাদে উঠে অনেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে গ্যারেজে থাকা ১০টি ইজিবাইক পুড়ে যায়। এসব গাড়ির মালিক ও চালকেরা ক্ষতির মুখে পড়েছেন। এসব ইজিবাইকই অনেক চালকের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল।

গ্যারেজ পরিচালক আরমান উল্লাহ শিকদারেরও একমাত্র জীবিকার মাধ্যম ছিল ওই গ্যারেজ। আগুনে গ্যারেজ ও গাড়িগুলো পুড়ে যাওয়ায় তিনি এখন কর্মহীন হয়ে পড়েছেন।

আরমান উল্লাহ শিকদার বলেন, এই গ্যারেজই ছিল আমার একমাত্র জীবিকার মাধ্যম। আগুনে সব শেষ হয়ে গেছে। গাড়িগুলো পুড়ে যাওয়ায় অনেক চালকও অসহায় হয়ে পড়েছেন। এখন কীভাবে আবার ঘুরে দাঁড়াব, বুঝতে পারছি না।

চকরিয়া সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, স্থানীয়দের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় সারফরাজ মার্কেট ও আশপাশের অন্য স্থাপনা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। তবে আগুনে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।