৪৩তম এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস

বিয়ন্সেকে ছাপিয়ে নতুন ইতিহাস টেইলরের, ম্যাডোনার হাতে সবার্ধিক পুরস্কার

গ্র্যামি অ্যাওয়ার্ডসের ইতিহাসে সর্বাধিক পুরস্কার জেতার পর বিশ্ব সংগীতের আরেক মর্যাদাপূর্ণ পুরস্কার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসেও অতীতের ইতিহাস ভেঙে দেয়ার প্রত্যাশা ছিল সংগীতশিল্পী বিয়ন্সে নোয়েলসের। কিন্তু বিয়ন্সের সেই স্বপ্ন গুড়িয়ে দিয়ে বাজিমাত করলেন অ্যাওয়ার্ডের রানী’খ্যাত আরেক মার্কিন পপতারকা টেইলর সুইফট। বাংলাদেশ সময় আজ সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ)-এর ৪৩তম আসরে নতুন নজির স্থাপন করলেন এই তরুণ ‘পপকুইন’। ভিএমএর ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া শিল্পী এখন টেইলর সুইফট।

এর আগে বিয়ন্সের সঙ্গে যৌথভাবে ৩০টি পুরস্কার নিয়ে শীর্ষে ছিলেন টেইলর। এবার নতুন একটি সম্মান পাওয়ার মধ্য দিয়ে বিয়ন্সেকে ছাড়িয়ে যান তিনি। ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের ভিডিওর জন্য প্রথমবারের মতো দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ পেয়েছেন টেইলর। এর মাধ্যমে ষষ্ঠবারের মতো ভিএমএর ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার উঠল সুইফটের হাতে। গান গাওয়ার পাশাপাশি দৃশ্যনির্ভর গল্প বলায় তার অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় এই পুরস্কার।তবে সবচেয়ে বেশি পুরস্কার জিতে গোটা আয়োজনটাই যেন নিজের করে নিয়েছেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। ১৩টি মনোনয়নের মধ্যে ‘বর্ষসেরা শিল্পী’, ‘সেরা নৃত্য’সহ মোট সাতটি পুরস্কার পেয়েছেন তিনি। ৪৩তম ভিএমএর সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় হিপহপ তারকা স্নুপ ডগ। ভিএমএর মঞ্চে এর আগে ১৩ বার মনোনয়ন পেলেও এবারই প্রথম উপস্থাপকের ভূমিকায় দেখা গেল তাকে। অবশ্য এর আগে একাধিকবার ভিএমএর মঞ্চে সংগীত পরিবেশন করেছেন এই তারকা।

এক নজরে ভিএমএ ২০২৬-এর বিজয়ীরা


বর্ষসেরা ভিডিও: টেইলর সুইফট - ‘দ্য ফেইট অব অফেলিয়া’
সেরা নবাগত শিল্পী: সিয়েনা স্পাইরো
সেরা নৃত্য: ম্যাডোনা - ‘কনফেশনস ২: দ্য ফিল্ম’
বর্ষসেরা শিল্পী: ম্যাডোনা
সেরা যৌথ পরিবেশনা: ম্যাডোনা ও সাবরিনা কার্পেন্টার - ‘ব্রিং ইউর লাভ’
সেরা পপ: লিসা - ‘ড্রিম’
বর্ষসেরা গান: বিটিএস - ‘সুইম’
সেরা হিপহপ: কার্ডি বি ও কেহলানি - ‘সেইফ’
সেরা আরঅ্যান্ডবি: ব্রুনো মার্স - ‘আই জাস্ট মাইট’
সেরা বিকল্প সংগীত: অলিভিয়া রদ্রিগো - ‘দ্য কিউর’
সেরা লাতিন: ব্যাড বানি - ‘নুয়েভায়োল’
সেরা কে-পপ: বিটিএস - ‘সুইম’
সেরা কান্ট্রি: এলা ল্যাংলি - ‘চুজিন টেক্সাস’
সেরা পরিচালনা: টেইলর সুইফট - ‘ওপালাইট’
সেরা শিল্প নির্দেশনা: পিঙ্কপ্যান্থারিজ
সেরা চিত্রগ্রহণ: ম্যাডোনা - ‘কনফেশনস ২: দ্য ফিল্ম’
সেরা সম্পাদনা: সাবরিনা কার্পেন্টার - ‘হাউজ ট্যুর’
সেরা নৃত্য পরিকল্পনা: ম্যাডোনা - ‘কনফেশনস ২: দ্য ফিল্ম’
সেরা দৃশ্যপ্রভাব: আরিয়ানা গ্রান্ডে - ‘হেইট দ্যাট আই মেড ইউ লাভ মি’