ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, ‘ভাড়াটে যুবক’ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া নামে ‘ভাড়াটে’ এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টায় উপজেলার শান্তিপুর গ্রামে এই সংঘর্ষ ঘটে।

নিহত জুয়েল মিয়া (২৫) নরসিংদীর রায়পুরা গোপিনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে, পুলিশ বলেন, তিনি ‘ভাড়ায়’ মারামারি করতে গিয়েছিলেন। তবে আহতদের পরিচয় জানা যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন জানান, শান্তিপুর গ্রামের বাসিন্দা মোক্তার হোসেন ও মোমেনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। বর্তমানে মোমেন গ্রুপের আধিপত্য রয়েছে গ্রামে। তাদেরকে বিতাড়িত করে এলাকা দখলে নেওয়ার জন্য ভোরে মোমেন গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়ায় মোক্তার গ্রুপের লোকজন। এই সংঘর্ষে পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা থেকে লোক ভাড়া করে আনেন মোক্তার। সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে জুয়েল মিয়া নিহত হন এবং উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

এবিষয়ে জানতে মোক্তার হোসেন ও মোমেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।