কক্সবাজারের টেকনাফে স্থানীয় এক বাংলাদেশী যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ১৭ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএন। পরে পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
১৬ এপিবিএন সূত্রে জানা যায়, ক্যাম্প-২৭-এর বি/৭ ব্লকের ওই কিশোরীর সঙ্গে স্থানীয় জাদিমুড়া এলাকার এক যুবকের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ভোরে ওই যুবক ও তার এক সহযোগী বিয়ের উদ্দেশ্যে কিশোরীকে স্থানীয় একটি আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানতে পেরে বিয়েতে সম্মতি না থাকায় কিশোরীর পরিবারের সদস্যরা ক্যাম্প-২৭ সিআইসি কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরে সিআইসি কার্যালয় থেকে বিষয়টি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পকে জানানো হয়।
অভিযোগের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মন্ডলের নির্দেশনায় এসআই (নিঃ) নিপুন মজমুদারের নেতৃত্বে দিবাকালীন মোবাইল ডিউটি পার্টি ও নারী পুলিশ সদস্যরা অভিযান চালান। একপর্যায়ে বি/৩ ব্লকের একটি স্থানীয় বাঙালি বসতঘর থেকে কিশোরীকে উদ্ধার করে এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়।
পরে কিশোরীর পরিবারের সদস্যরা কোনো আইনগত ব্যবস্থা নেবেন না বলে জানান। রাত ৯টা ৪০ মিনিটে উদ্ধার হওয়া কিশোরীকে তার বড় ভাইয়ের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় একটি বসতঘর থেকে কিশোরীকে নিরাপদে উদ্ধার করে এপিবিএন ক্যাম্পে আনা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা আইনগত ব্যবস্থা নিতে অনাগ্রহ প্রকাশ করলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ক্যাম্প এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এপিবিএনের নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে।