বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখার উদ্যোগে মৃত্যুকালীন দুই শিক্ষক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শিক্ষক সমিতির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি সংগঠনের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট শিক্ষকদের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন।
সহায়তা পাওয়া দুই শিক্ষক হলেন— ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিঙ্কু রানী এবং চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক হোসেন। তাদের মৃত্যুর পর পরিবারগুলোর পাশে দাঁড়াতে বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখার পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখার সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার পারভেজসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সহায়তা প্রদানকালে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, শিক্ষক সংগঠন হিসেবে শিক্ষকদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। মৃত্যুকালীন সহায়তার অংশ হিসেবে সময়মতো দুই শিক্ষক পরিবারের কাছে সংগঠনের পক্ষ থেকে সামান্য আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে। অর্থের পরিমাণ সীমিত হলেও প্রয়োজনে পরিবারের কিছুটা কাজে লাগবে—এমন প্রত্যাশা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, শিক্ষক সমিতি ভবিষ্যতেও শিক্ষকদের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাবে এবং যেকোনো সংকট ও প্রয়োজনে শিক্ষক পরিবারের পাশে থাকার চেষ্টা করবে।
এ সময় ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান, সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন টিপুসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অপরদিকে চরইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবীসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রয়াত শিক্ষকদের পরিবারের পক্ষ থেকে তাদের স্বজনরা আর্থিক সহায়তা গ্রহণ করেন। এ সময় উপস্থিত শিক্ষকরা প্রয়াত দুই শিক্ষকের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।