সুশান্তর ময়নাতদন্ত নিয়ে এবার বিস্ফোরক দাবি দিদির

৬ বছর আগে ২০২০ সালে ১৪ জুন প্রয়াত হন বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুতে অভিযোগের তীর ছিল বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে। কিন্তু ক্লোজার রিপোর্টে জানানো হয়েছিল সুশান্তের মৃত্যুর তদন্তে এমন কোনো প্রমাণ নেই যেখানে প্রমাণিত হয় যে সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল। এদিকে পরিবারের তরফে বারবার দাবি করা হয় আত্মহত্যা করেননি। মৃত্যুর ছ’বছর পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তায় ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য দিদি শ্বেতা সিং কীর্তির। 

অভিনেতার মৃত্যুর সময় শ্বেতা ছিলেন বিদেশে। কোভিড পরিস্থিতির কারণে সুশান্তের শেষ যাত্রায় থাকতে পারেননি। কিন্তু মৃত্যুর সঠিক তদন্তের দাবি করেছেন বারবার। সুশান্তের মৃত্যুর পর এতগুলো বছর কেটে গিয়েছে, আজও সেই ক্ষত শুকায়নি। ভিডিওবার্তায় শ্বেতা জানিয়েছেন, যিনি সুশান্তের ময়নাতদন্ত করেছিলেন তার সঙ্গে দিনকয়েক আগে যোগাযোগ করেছিলেন। তখন তিনি জানতে পারেন, ভাইয়ের মৃত্যুতে বন্দুকের ব্যবহার হয়েছে। তার উপর চরম নৃশংসতা ও বলপ্রয়োগ করা হয়েছিল। এমনকি অভিনেতার পা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। 

শ্বেতা বলেন, ‘সম্প্রতি জানতে পেরেছি যে ব্যক্তি আমার ভাইয়ের ময়নাতদন্ত করেছিলেন তিনি বলেন ঘটনার সময় বন্দুক ব্যবহার করা হয়েছিল। তার পা ভেঙে দেওয়া হয়েছিল এবং অকথ্য অত্যাচার করা হয়েছিল। চোখেও আঘাত ছিল।’ আটলান্টা থেকে ফেরার পর শ্বেতাকে জড়িয়ে সুশান্তের জন্য হাপুস নয়নে কেঁদেছিলেন পরিচিতরা। সেই দিনগুলোর কথা স্মরণ করে তাদের অনুভূতির কথা বলতে গিয়ে বলেন, “আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে এসেছেন। ভাইয়ের জন্য কেঁদেছেন। কারণ সবারই মনে হয়েছিল তার সঙ্গে যেটা ঘটেছে সেটা মোটেই ঠিক ছিল না, যা হয়েছে গুরুতর অন্যায়।’ 

 প্রিয়জনের বিয়োগে মনে কতটা আঘাত লাগে সেই অভিব্যক্তি ব্যক্ত করে শ্বেতার সংযোজন, ‘আমি সুশান্তর বোন এবং আমি বুঝি যে প্রিয়জনের সঙ্গে এমন কিছু ঘটলে কেমন লাগে। এই পৃথিবীতে অনেক অন্যায় হয়। ভালো মানুষদের অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু কষ্টই আপনাকে পরিবর্তনের পথে নিয়ে যায়। ভালোবাসার মধ্য দিয়েই সুস্থ হয়ে ওঠা সম্ভব।’