জামায়াত আমিরকে ‘না বুঝে কথা না বলার’ পরামর্শ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক রুটে ফ্লাইট সম্প্রসারণের লক্ষ্যে বোয়িং উড়োজাহাজ ক্রয়ের পরিকল্পনা প্রসঙ্গে জামায়াতের আমীরকে ‘বিষয়সমূহ না বুঝে কথা না বলার’ আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
 
তিনি বলেন, ‘কাউকে খুশি করার জন্য নয়, বাংলাদেশ তার প্রয়োজন ও চাহিদা অনুযায়ী বোয়িং কিনবে। দেশের প্রয়োজন বিবেচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্জনসমূহ গণমাধ্যমের সামনে তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকারের অঙ্গীকার ও জনগণের প্রত্যাশা তুলে ধরার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। সাধারণ অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে।
 
তিনি উল্লেখ করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ও বৈঠকে অংশ নেওয়া বিশ্বনেতারা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রার প্রতি তাদের পূর্ণ ও অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সার্বিক বিচারে জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত সফল ও সার্থক হয়েছে।
 
প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময় পর জনগণের নিরঙ্কুশ ও প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী বিশ্বদরবারে বাংলাদেশের আত্মবিশ্বাস, সুনাম ও সম্মানকে এক নতুন উচ্চতায় উন্নীত করেছেন।

তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক ও ইরানের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপরাষ্ট্রপতিসহ ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক সম্পাদন করেন। এ ছাড়া তিনি কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গেও আলোচনায় অংশ নেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদী আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীগণ প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন। আন্তর্জাতিক শীর্ষ সংস্থাগুলোর মধ্যে জাতিসংঘের মহাসচিব, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘের শরণার্থী ও মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, বিশ্বখ্যাত গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারী এবং বোয়িং গ্লোবালের প্রধান নির্বাহীর সঙ্গেও প্রধানমন্ত্রীর ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।