আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়ল

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি এয়ারলাইনসগুলো বাংলাদেশে স্থানীয় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তি না করলেও আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনা যাবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনায় সংশোধন আনা হয়েছে।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, প্রযোজ্য ক্ষেত্রে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে টিকিট কিনতে পারবেন। আগে এ সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা থাকা বাধ্যতামূলক ছিল।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি এয়ারলাইনসগুলো তাদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তি করলেও বাংলাদেশি নাগরিকরা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে যোগ্য টিকিট কিনতে পারবেন।

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট এয়ারলাইনসের মার্চেন্ট ক্যাটাগরি কোড (এমসিসি) ব্যবহার করে এডি ব্যাংকগুলো যোগ্য টিকিট কেনার লেনদেন শনাক্ত করবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কেনা এসব টিকিটের মূল্য সংশ্লিষ্ট গ্রাহকের প্রযোজ্য ভ্রমণসীমার বাইরে গণনা করা হবে। অর্থাৎ, যোগ্য টিকিট কেনার ক্ষেত্রে ব্যয় করা অর্থ বার্ষিক ভ্রমণসীমা থেকে কাটা হবে না।

এ ছাড়া যোগ্য টিকিট কেনার লেনদেন যাচাইয়ের পর গ্রাহকের আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনায় ব্যয় করা অর্থ পুনরায় জমা বা রিফিল করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক। এ ক্ষেত্রে গ্রাহকের সঙ্গে ব্যাংকের বিদ্যমান ব্যাংকার-গ্রাহক সম্পর্কের আওতায় প্রচলিত ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে।

এ ধরনের লেনদেন নির্ধারিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানানোর জন্য এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসা-সংশ্লিষ্টরা বলছেন, নতুন নির্দেশনার ফলে বিদেশি এয়ারলাইনসগুলোর বাংলাদেশে টিকিট বিক্রির প্রক্রিয়া আরও সহজ হবে। বিশেষ করে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তির জন্য বিদেশি এয়ারলাইনসগুলোকে বাংলাদেশে স্থানীয় অ্যাকোয়ারিং ব্যাংকের সঙ্গে আলাদা ব্যবস্থা করার প্রয়োজন কমবে। এতে অনলাইনে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিকিট কেনার সুযোগ আরও বিস্তৃত হবে।