নাটোরে গুণী শিক্ষক হলেন মাওলানা আককাছ আলী

নাটোরে জেলা পর্যায় মাদ্রাসা স্তরে গুণী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মোঃ আককাছ আলী। তিনি শিক্ষাক্ষেত্রে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে নিবেদিতভাবে কাজ করছেন। শিক্ষকতা, প্রশাসনিক দক্ষতা, শিক্ষার্থীবান্ধব মনোভাব এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদে মনোনীত করা হয়।

মাওলানা মোঃ আককাছ আলী নাটোর সদর উপজেলার দস্তানাবাদ আলিম মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জন্ম ১৯৭২ সালের ১ জানুয়ারি। শিক্ষাজীবনে তিনি দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এসব পরীক্ষার বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে শিক্ষা গ্রহণ করেন।

১৯৯৫ সালে সহকারী মৌলভী শিক্ষক হিসেবে হালসা মোহাম্মদিয়া ইসলামী দাখিল মাদ্রাসায় কর্মজীবন শুরু করেন আককাছ আলী। পরবর্তীতে নাটোর সদর উপজেলার পাইকপাড়া দাখিল মাদ্রাসায় সুপারিনটেনডেন্ট হিসেবে যোগ দেন। সেখানে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ সালের ১২ নভেম্বর থেকে বর্তমানে দস্তানাবাদ আলিম মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তারের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডেও ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুণী শিক্ষক আককাছ আলীর ভূমিকা অনন্য।

তার দূরদর্শী নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে দস্তানাবাদ আলিম মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠা নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, চরিত্র গঠন এবং দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেও তিনি নিরলসভাবে কাজ করছেন।

এ কারণে ২০২৬ সালে নাটোর জেলায় মাদ্রাসা স্তরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান গুণী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন। তাঁর এই স্বীকৃতি শিক্ষা অঙ্গনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে শিক্ষাবিদরা মনে করছেন।