উজিরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী ৩ কিশোর নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে ঢাকাগামী যাত্রীবাহী সুরভী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলের এক আরোহীর শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় আধাঘণ্টা বরিশাল-ঢাকা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ ছিল।

নিহতরা হলেন- উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বাসিন্দা কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহিদ (১৪) ও ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিম (১৪)।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক, সুপারভাইজার এবং হেলপার পালিয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, তিন কিশোর একটি মোটরসাইকেল যোগে আটিপাড়া থেকে ধামসর যাচ্ছিল। পথিমধ্যে বরিশাল থেকে ঢাকাগামী সুরভী পরিবহন কোম্পানির একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়।

উজিরপুর মডেল থানার পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, তিনজনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি সুরভী পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক-সুপারভাইজার বা হেলপার কাউকেই পাওয়া যায়নি।

তিনি বলেন, ঘটনার পর স্থানীয় জনতা ঘটনাস্থলে জড়ো হলে মহাসড়কে আধাঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ ছিল। এ কারণে কিছুটা যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।