মুন্সীগঞ্জে ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাঈদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলা কৃষি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া সাঈদ আলী সিরাজদীখান উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম মোহাম্মদ আলী।

পুলিশ সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়ায় কর্মরত থাকাকালে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাঈদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়। গত ১৫ আগস্ট আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি করা হয়। মামলার নম্বর ৮৭।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুজ্জামান সোহাগ বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সাঈদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাকে আশুলিয়া থানায় নেওয়া হচ্ছে।

সিরাজদীখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আশুলিয়া থানা পুলিশ ও মামলার বাদী উপজেলা কৃষি কার্যালয়ে এসেছিলেন। পরে আশুলিয়া থানার একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর বেশি কিছু তার জানা নেই বলে জানান এই কর্মকর্তা।