রাষ্ট্রবিরোধী ভিডিওর অভিযোগ, গ্রেপ্তার টিকটকার আলী জেইন

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও সংবেদনশীল কনটেন্ট প্রচারের অভিযোগে পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সৈয়দ আলী জেইন বুখারীকে গ্রেপ্তার করেছে দেশটির ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। রাজধানী ইসলামাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে এ টিকটকারকে। 

সংবাদমাধ্য  উর্দু পয়েন্ট জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের বরাত এক প্রতিবেদনে জানিয়েছে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি সোশ্যাল মিডিয়ায় নজরদারি করতে গিয়ে তথ্য পায়―টিকটকার আলী জেইন তার বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, বিশেষ করে টিকটক ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কনটেন্ট, জাতীয় নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য এবং বিদ্বেষমূলক ভিডিও ছড়াচ্ছেন। আলী জেইনের এসব বিষয় তাৎক্ষণিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এনসিসিআইএ ইসলামাবাদের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এ টিকটকারকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, এ টিকটকার মূলত খাইবার পাখতুনখোয়ার নওশেরা জেলার বাসিন্দা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তার ব্যাপক প্রভাব রয়েছে। তার প্রধান টিকটক অ্যাকাউন্টে প্রায় ৩৮ লাখ ফলোয়ার ও সাবস্ক্রাইবার রয়েছে। এ কারণে তার যেকোনো ভিডিও বা কনটেন্ট মাত্র কয়েক মিনিটের মধ্যে লাখো মানুষের কাছে পৌঁছে যায়। 

গ্রেপ্তারকৃত আলী জেইনকে শিগগিরই এনসিসিআইএ ইসলামাবাদের কেন্দ্রীয় সাইবার ক্রাইম থানায় হস্তান্তর করা হয়। সেখানে তার ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করে ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।