টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম আদালত পরিচালনা করেন। মঙ্গলবার সকালে দণ্ডিত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডিতরা হলেন টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের চর গোষ্ঠী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে শামীম শেখ (২০) এবং গোপালপুর ইউনিয়নের চর গোপালপুর গ্রামের কালাম শিকদারের ছেলে সজীব সিকদার (৩৫)।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, শনিবার রাতে মাদকবিরোধী অভিযানের সময় শামীমকে ইয়াবা এবং সজীবকে গাঁজাসহ আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা সেবনের উদ্দেশ্যে এসব মাদক কিনেছিলেন বলে জানায়।

ওসি জানান, পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত শামীম শেখকে তিন মাস এবং সজীব সিকদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে দুজনকেই ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

মঙ্গলবার সকালে দণ্ডিত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি।