উখিয়ায় সৎ বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর বালুর মাঠ এলাকায় সৎ বাবার হাতে মো. ওমর (৬) নামে এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জেরে শিশুটির মা বাড়ির বাইরে চলে যাওয়ার পর ঘরে একা থাকা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্প-২ ইস্টের সি/৬ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত ওমর ওই ব্লকের বাসিন্দা। তার মায়ের নাম শাবনূর। অভিযুক্ত সৎ বাবার নাম ফেরদৌস (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শাবনূর ও ফেরদৌসের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে শাবনূর বাড়ির বাইরে চলে গেলে ঘরে থাকা ওমরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিডিআরসি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেরদৌস স্থানীয় বাসিন্দা। তিনি এক রোহিঙ্গা নারীকে বিয়ে করেছেন। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। তাকে আটকে বিভিন্ন স্থানে অভিযান চলছে।