নারায়ণগঞ্জে বিসিকের চাকরি মেলা, ৬৫০ জনের কর্মসংস্থানের সুযোগ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজির আহমেদ টিটো বলেছেন, বিসিকের উদ্যোগে প্রথমবারের চাকরি মেলার আয়োজন করা হয়েছে। বিসিক চাকরিপ্রার্থী ও চাকরিদাতার মধ্যে সেতুবন্ধন করেছে। চাকরি পাওয়ার প্রক্রিয়াটি সহজ করার উদোগ গ্রহণ করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে কর্মচাঞ্চলতা সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে গতিশীলতা এনেছেন। উনার যে চলার গতি, কর্মের গতি সেটার সঙ্গে আমরা কতটুকু তাল মিলাতে পারবো সেটা নিয়ে সবসময় ভয়ে থাকি।
 
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জে বিসিক চাকরি মেলা ২০২৬ এর শুভ উদ্ধোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
চাকরী প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, সবাই চাকরি করলে হবে না, ভবিষ্যতে আপনি চাকরি দিতে পারবেন সেটারও জন্য প্রস্তুত হতে হবে। বিসিক উদ্যোক্তা তৈরী করছে। নিজস্ব মেকানিজমে অতি ক্ষুদ্র ঋন প্রদান করছে। দেশের অনেক বড় জায়ান্ট প্রতিষ্ঠানের শুরু বিসিক থেকে। উদ্যোক্তা তৈরী করে গ্রামীণ অর্থনীতিকে কিভাবে জাতীয় অর্থনীতির সঙ্গে যুক্ত করতে পারে বিসিক সেই চেষ্টা করছে। উদ্যোক্তাদের জন্য বিসিকে দ্বার সবসময়ই খোলা।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম, নাসিকের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব প্রমুখ। 
 
বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আজকে বিসিক চাকরি মেলার যে উদ্যোগ সেটা প্রধানমন্ত্রীর ১ কোটি বেকার যুবককে চাকরি প্রদানের যে প্রতিশ্রুতি বাস্তবায়নে ভূমিকা রাখবে।
 
বিসিক নারায়ণগঞ্জের এজিএম জসিমউদ্দিন জানান, ১৩টি ফার্মাসিউটিক্যালস, ৭টি গার্মেন্টসসহ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী এই তিন জেলা থেকে ৪৩টি প্রতিষ্ঠান থেকে ৬৫০ জন চাকরি পাবে।
 
চাকরী প্রত্যাশীরা বলছেন, এই ধরনের আয়োজনে তাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। এখানে কোনো ধরনের সুপারিশ ছাড়াই চাকরি পাওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও করার দাবি জানান। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করতেও সরকার উদ্যোগ নিবে এই প্রত্যাশা করেন।