সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগপত্র না পাওয়ার অভিযোগে জামালপুরে অনশনে বসেছেন ৫১ শিক্ষক প্রার্থী। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতীয় তলায় অবস্থান নিয়ে অনশন শুরু করেন নিয়োগ প্রত্যাশীরা।
অনশনরত প্রার্থীদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জামালপুর জেলায় মোট ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। এর মধ্যে ৮৫ জনের নিয়োগ সম্পন্ন হলেও বাকি ৫১ জন এখনো নিয়োগপত্র পাননি।
চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ না হওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন এসব প্রার্থী। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকায় তারা মানসিক চাপ ও নানা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বলে জানান।
প্রার্থীরা বলেন, একই নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৩৬ জনের মধ্যে ৮৫ জনের নিয়োগ সম্পন্ন হয়েছে। কিন্তু বাকি ৫১ জনের নিয়োগের বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। তাই দ্রুত তাদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়োগপত্র দেওয়ার দাবি জানান তারা।
এদিকে, মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। তবে ওই কক্ষে তালা দেওয়ার কারণ অফিসিয়াল ভাবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অনশনরত প্রার্থীরা জানান, নিয়োগের বিষয়ে দ্রুত স্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা অনশনস্থল ছাড়বেন না। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৫১ প্রার্থীর নিয়োগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।