ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতের দেলাওয়ার হোসেনসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
বৈধ প্রার্থীরা হলেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ঢাকা দক্ষিণ সিটি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলিম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের হোসেন মুহাম্মদ ওমর ফারুক।
মনোনয়ন বৈধ ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। এ জন্য নির্বাচনে অংশ নেওয়া সব দল ও প্রার্থীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর ২২ আগস্ট নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে।
তফসিল অনুযায়ী, যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।