সৈয়দপুর বিএইউএসটির সিন্ডিকেটের ১৬তম সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর-এর সিন্ডিকেটের ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।

সভায় সিন্ডিকেটের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো. মাহবুবুল হক পাটওয়ারী, ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম, এসইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.), কর্নেল সাব্বির আহমেদ, কর্নেল এডমিন, রংপুর এরিয়া, বুয়েটের এমই বিভাগের প্রফেসর ড. মাগলুব আল নূর। 

সভায় আরো উপস্থিত ছিলেন— বিএইউএসটি, সৈয়দপুর-এর বিজ্ঞান ও মানবিক অনুষদের প্রফেসর মো. জহুরুল ইসলাম, বিএইউএসটি, সৈয়দপুর-এর আইপিই বিভাগের প্রফেসর ড. এ, কে, এম, নুরুল আমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল হান্নান, বিএইউএসটি, সৈয়দপুর-এর কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.) এবং সভার সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.)। এছাড়া সভায় ৩ জন সদস্য অনলাইনে যুক্ত ছিলেন।  

সভায় সিন্ডিকেটের বিদায়ী সদস্যদের প্রতি ধন্যবাদ এবং নবনিযুক্ত সদস্যদের অভিনন্দন জানানো হয়। পাশাপাশি সিন্ডিকেটের ১৫তম সভার কার্যবিবরণী পর্যালোচনা ও নিশ্চিত করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৮তম ও ১৯তম সভা এবং অর্থ কমিটির ২৪তম ও ২৫তম সভার সুপারিশসমূহ উপস্থাপন ও অনুমোদনের জন্য আলোচনা করা হয়। এছাড়া শৃঙ্খলা কমিটির ১৪তম, ১৫তম ও ১৬তম সভার সুপারিশসমূহ নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী নির্দেশাবলী (এসওপি)- অক্টোবর ২০২০ অনুমোদনের বিষয়টি আলোচনায় আসে। পাশাপাশি ২০২৬ সালের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, অভ্যন্তরীণ পদোন্নতি, শিক্ষক পদোন্নতি এবং শিক্ষক ও কর্মকর্তা নিয়োগসংক্রান্ত বিষয়সমূহ পর্যালোচনা করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটিতে বিশেষজ্ঞ শিক্ষকগণের নাম অনুমোদন, চাকরি স্থায়ীকরণ ও বার্ষিক বর্ধিত বেতন প্রদান, উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষকগণের ছুটি মঞ্জুর ও ছুটি বর্ধিতকরণ, অসাধারণ ছুটি, চিকিৎসা ছুটি এবং হজ পালনের ছুটি মঞ্জুর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় খণ্ডকালীন শিক্ষক নিয়োগ এবং চুক্তিভিত্তিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও নবায়ন সংক্রান্ত বিষয়ও আলোচ্যসূচিতে ছিল। একই সঙ্গে শৃঙ্খলা কমিটিতে সিন্ডিকেট কর্তৃক একজন বিভাগীয় প্রধান মনোনয়নের বিষয়টি আলোচনা করা হয়। সভায় বিবিধ বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। 

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, জনবলসংক্রান্ত বিষয় এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।