এবার ক্রিকেটাররা বেছে নিলেন কোচদের

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ‘ডমেস্টিক থ্রি’ বা ডি থ্রি ট্রফির ছয় দলের কোচিং স্টাফ চূড়ান্ত হয়েছে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত ম্যানেজমেন্ট ড্রাফটের মাধ্যমে প্রধান কোচের পাশাপাশি প্রতিটি দল দুজন করে সহকারী কোচও বেছে নিয়েছে। তবে এবারের ড্রাফটে ছিল নতুনত্ব। সাধারণত কোচিং প্যানেলের সদস্যরা ড্রাফট থেকে খেলোয়াড়দের বেছে নেন৷ কিন্তু এবার মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহানরা নিজেদের কোচদের চূড়ান্ত করলেন।

ম্যানেজমেন্ট ড্রাফটে সবার আগে প্রধান কোচ বাছাইয়ের সুযোগ পায় ব্লু-স্টার। দলটির দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম। এরপর একমি গ্রুপের পছন্দ রাজিন সালেহ। তৃতীয় দল হিসেবে সিটিজেন গ্রুপ প্রধান কোচ হিসেবে নিয়েছে মিজানুর রহমান বাবুলকে। 

পরে ফরচুন গ্রুপ দলে ভেড়ায় মোহাম্মদ সালাউদ্দিনকে। সেভেন রিংস সিমেন্টের প্রধান কোচ হয়েছেন তালহা জুবায়ের এবং ওয়ালটন গ্রুপের কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন আব্দুর রাজ্জাক।

প্রধান কোচদের সঙ্গে সহকারী কোচ হিসেবেও পরিচিত মুখগুলোকে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ব্লু-স্টারের সঙ্গে থাকছেন সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিক মজুমদার। ওয়ালটনের সহকারী কোচ তুষার ইমরান ও ডলার মাহমুদ। সিটিজেন ব্যাংকে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিম।

একমির কোচিং স্টাফে আছেন তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্স। ফরচুনের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল ও আব্দুল কাইয়ুম জুয়েল। সেভেন রিংস সিমেন্টে হান্নান সরকারের সঙ্গে থাকছেন হুমায়ন কবির শাহিন।

এর আগে গত রোববার ডি থ্রির ছয় ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার চূড়ান্ত করা হয়। সেভেন রিংস সিমেন্টের আইকন মুশফিকুর রহিম, ওয়ালটনের মেহেদী হাসান মিরাজ, ফরচুনের তাওহীদ হৃদয়, একমির মোসাদ্দেক হোসেন সৈকত, ব্লু-স্টারের নুরুল হাসান সোহান এবং সিটিজেনের আইকন হয়েছেন নাঈম শেখ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন এই ঘরোয়া কাঠামোয় প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন ফরম্যাটকে একই প্রতিযোগিতামূলক কাঠামোর আওতায় আনা হচ্ছে। ছয় ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আয়োজন করা হবে ডমেস্টিক থ্রি।