চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৫৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ ৩১ হাজার ১৩১ কোটি ৩০ লাখ টাকা।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ২৮ দিনে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা ২৫৩ কোটি ২০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ৬ কোটি ৬০ লাখ ডলার বা ২ দশমিক ৭০ শতাংশ। গত বছর একই সময়ে দেশে এসেছিল ২৪৬ কোটি ৫০ লাখ ডলার।
এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৩৫ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৩৬ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ, গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। এরপর আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে দেশে ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। এর আগের অর্থবছর ২০২৪-২৫ সালে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।