ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ৫০-৬০ বছর। এছাড়া চিকিৎসাধীন মারা গেছে আরও এক ব্যক্তি। যার বয়স আনুমানিক ৪০ বছর। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পৃথক সময় মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টের) মো. হাবিবুর রহমান জানান, দুপুরে হাসপাতালটির নতুন ভবন সংলগ্ন চিকিৎসক ক্যান্টিনের পেছনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় অজ্ঞাতনামা ৬০ বছর বয়সি এক বৃদ্ধকে। তার পোশাক দেখে ভবঘুরে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বেলা ১১টার দিকে হাসপাতালটির জরুরি বিভাগের সামনে মৃত অবস্থায় পড়ে ছিল ৫০ বছর বয়সি এক ব্যক্তি। শাহবাগ থানায় খবর দিলে একটি টিম এসে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি আরও জানান, একইদিন হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও এক ব্যক্তি। মূলত ৩টি লাশেরই পরবর্তী আইনি কার্যক্রম শাহবাগ থানা পুলিশ দেখছে। তাদের পরিচয় সনাক্তে সিআইডির ফরেনসিক টিমও কাজ করছে।