ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শিক্ষার্থীদের শীর্ষ সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাঁশখালী’ (ডুসাব)-এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ তোহা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আজিজুর রহমান মানিক।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ (এফবিএস) একাডেমিক ভবনে আয়োজিত ‘আইস ব্রেকিং অ্যান্ড গেট টুগেদার’ শীর্ষক এক বর্ণাঢ্য প্রীতি সম্মেলন ও মতবিনিময় সভা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি তোহা বিশ্ববিদ্যালয়ের ২০১৯২০ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হাজী মুহম্মদ মুহসিন হলের আবাসিক শিক্ষার্থী। সাধারণ সম্পাদক আজিজ বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আজিজ শেখ মুজিবুর রহমান হল সংসদের সমাজসেবা সম্পাদক।
অনুষ্ঠানে বাঁশখালীর শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা-সহায়ক কার্যক্রমের বিস্তার এবং পারস্পরিক সহযোগিতা আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা। একই সঙ্গে বাঁশখালীর শিক্ষার্থীদের পাশে থেকে মেধা, মনন ও নেতৃত্ব বিকাশে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস কর্মকর্তা ফয়সাল আকবর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশের কর্মকর্তা জাকির হোসেন, বিসিএস ট্যাক্স ক্যাডারের কর্মকর্তা মুবিনুল হক এবং বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা তামিমা আফরিন।
নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ তোহা ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান মানিক এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, ‘ডুসাবকে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য একটি সুসংগঠিত, কল্যাণমুখী ও আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা সুদৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সকলের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সংগঠনকে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।’