নাকভির কঠোর সমালোচক শোয়েব আখতার পিসিবিতে যোগ দিচ্ছেন!

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতি, দল নির্বাচন এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সবসময় সরব থাকা সাবেক পেসার শোয়েব আখতার এবার পিসিবিতেই পেতে যাচ্ছেন বড় পদমর্যাদা। বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকের পর এমন গুঞ্জন জোরালো হয়েছে।

ইংল্যান্ড সফরে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান জাতীয় দলে বড় ধরনের রদবদলের চিন্তা করছে পিসিবি। এই সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবেই সাবেক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই তারকাকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বা টেকনিক্যাল দায়িত্বে নিয়ে আসার উদ্যোগ চলছে।

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনুষ্ঠানে পিসিবির সমালোচনা করে আসা শোয়েব আখতারের সঙ্গে মহসিন নাকভির সম্পর্কের উন্নতি ঘটেছে সম্প্রতি। পিসিবি সূত্রে জানা গেছে, কিছুদিন আগে শোয়েব আখতারের বড় ভাই মারা গেলে নাকভি ব্যক্তিগতভাবে তাঁর খোঁজ নেন এবং পাশে দাঁড়ান। পিসিবি প্রধানের এই সহানুভূতিশীল আচরণে মুগ্ধ হন আখতার, যা পরবর্তী সময়ে উভয়ের মধ্যে নতুন ক্রিকেটভিত্তিক যোগাযোগের পথ উন্মুক্ত করে।

ইসলামাবাদে বসবাসরত শোয়েব আখতারের সঙ্গে পিসিবি চেয়ারম্যানের গত সপ্তাহে দীর্ঘ বৈঠক হয়। শুধু আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়, সেখানে পাকিস্তান ক্রিকেটকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা। বোর্ডের আমন্ত্রণে জাতীয় ক্রিকেট একাডেমি এবং দলীয় প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে সাবেক এই গতিদানবের।
 
পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, বোর্ড শোয়েবকে বড় পদের প্রস্তাব দিলেও তিনি নিজের কিছু শর্ত ও নিজস্ব দর্শন তুলে ধরেছেন। পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য কিছু নির্দিষ্ট সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি চান তিনি।

ইংল্যান্ডে ভরাডুবির পর পিসিবি এখন শুধুমাত্র পুরুষ জাতীয় দল নয়, বরং নারী দল, শাহিন্স (বাংলাদেশ এ দল সমমানের) ও জুনিয়র দলসহ পুরো কাঠামোর পরিবর্তন আনার কথা ভাবছে। ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট এবং বোলিং কোচ অ্যাশলে নোফকে বিদায় নেওয়ায় কোচিং প্যানেলেও নতুন পদ তৈরির কাজ চলছে।

বিদেশি কোচিং স্টাফ ও কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়া

ইংল্যান্ড সফরের ব্যর্থতার পর জ্যেষ্ঠ ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ও বোলিং কোচ অ্যাশলে নোফকে বিদায় নেওয়ার পর পিসিবি নতুন বিদেশি কোচিং স্টাফদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এছাড়া পেস বোলিং কোচ উমর গুলকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পিসিবি বর্তমানে অস্ট্রেলিয়ার সাবেক গতির তারকা শেন টেইট এবং নিউজিল্যান্ডের সাবেক ওপেনার মার্টিন গাপটিলকে দলের সাথে যুক্ত করার বিষয়ে প্রাথমিক কথাবার্তা বলছে।

  • শেন টেইট: এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের শুরু পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে বাংলাদেশের কোচিং দায়িত্ব শেষ করে পরিবারের কথা ভেবে তিনি সার্বক্ষণিক দায়িত্ব ছাড়েন। পিসিবি তাকে ফুল-টাইম কোচের বদলে নির্দিষ্ট সময়ের জন্য 'বোলিং কনসালটেন্ট' হিসেবে ফিরিয়ে আনতে আগ্রহী।

  • মার্টিন গাপটিল: কিউই এই ব্যাটারকে পাকিস্তানের নতুন 'ফিল্ডিং কনসালটেন্ট' হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং উভয় পক্ষের আলোচনায় বড় অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।