পলাতক থাকায় চাকরি হারালেন পুলিশের তিন কর্মকর্তা

পলাতক ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় পুলিশের এক সাবেক যুগ্ম কমিশনার ও দুই পুলিশ সুপার স্থায়ীভাবে চাকরি হারিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের সাবেক যুগ্ম কমিশনার এসএম মেহেদী হাসান ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। এরপরও কোনো হাজিরা না দেওয়ায় তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া পুলিশের নারায়ণগঞ্জ জেলার সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল। তিনি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এই অভিযোগে প্রথমে তাকে সাময়িক এবং পরে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে গাজীপুর শিল্প পুলিশ-২-এর এসপি মো. রহমত উল্লাহ চৌধুরীকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি থেকে পলাতক রয়েছেন। এ কারণে অসদাচরণ ও পলাতক থাকার অভিযোগে তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।