রাজকীয় সাজে প্যারিসে ঐশ্বরিয়া রাই

প্যারিসের র‌্যাম্পে রাজকীয় সাজে হাজির হয়ে আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। গত ২৮ সেপ্টেম্বর প্যারিসে আইফেল টাওয়ারের আবহে অনুষ্ঠিত লরিয়েল প্যারিসের নবম ‘লে ডেফিলে’ ফ্যাশন শোতে হাঁটতে দেখা যায় তাকে। ডিজাইনার ইয়ারা শুমেকারের শীতকালীন কুতুর সংগ্রহের গাঢ় মখমলের গাউন ও ক্রিস্টালে ঝলমলে দীর্ঘ কেপ পরে র‌্যাম্পে ভিন্ন মাত্রা যোগ করেন এই তারকা।

পোশাকের পাশাপাশি চেনা কালো রূপ বদলে ঐশ্বরিয়ার নতুন আগুনরাঙা ‘বারগান্ডি’ চুলের আভা ভক্তদের সবচেয়ে বেশি নজর কেড়েছে। মোহিত রাই, তরঙ্গ আগরওয়াল ও চিন্তন শাহের যৌথ পরিকল্পনায় তৈরি তার এই পরিমিত রূপসজ্জা রাজকীয় আভিজাত্য ফুটিয়ে তোলে।

নারীদের আত্মবিশ্বাস, বৈচিত্র্য ও পারস্পরিক সংহতি উদযাপনের এই বৈশ্বিক মঞ্চে ঐশ্বরিয়ার সঙ্গে কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া ও জেন ফন্ডার মতো আন্তর্জাতিক তারকারাও অংশ নেন। আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রখ্যাত সংগীতশিল্পী সেলিন ডিওনের সঙ্গে ঐশ্বরিয়ার উষ্ণ আলিঙ্গন ও একসঙ্গে নাচের মুহূর্তটি। সামাজিক মাধ্যমে তার এই লুক ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসিয়ে ভক্তরা মন্তব্য করেন, ‘একবার যে রানী, চিরকালই রানী।’