বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল

বাংলাদেশ সময় গতকাল বেলা ১১টায় ছিল এশিয়ান গেমসের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ-মালয়েশিয়ার। এর প্রায় সাড়ে ৩ ঘণ্টা আগে, অর্থাৎ সকাল সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন মালয়েশিয়া ক্রিকেট দলের অলরাউন্ডার বিরানদীপ সিং। বেশ আক্ষেপ করে লেখেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বাতিল হয়েছে, এই খবর যখন পেলাম, তখন আমি তোয়ালে জড়ানো ছিলাম। দুঃখের বিষয়, আমরা মাঠেই যেতে পারলাম না। একটা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আবার খেলার সুযোগের জন্য তিন বছর অপেক্ষা করেছি। কিন্তু মনে হয়, এবারও আমাদের কপালে ছিল না। সহযোগী দেশের ক্রিকেট সত্যিই কঠিন!’

২০২৩ সালের ৪ অক্টোবর এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলে মালয়েশিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেটিই ছিল তাদের একমাত্র ম্যাচ। দীর্ঘ অপেক্ষার পর এবার বৃষ্টিতে ভেসে গেল আরেকটি লড়াই। তাতে অবশ্য বিরানদীপদের মতো ক্ষতি হয়নি বাংলাদেশের। মাঠে নামতে না হলেও আইসিসি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পেয়েছেন লিটন দাসরা। তবে স্বস্তির সঙ্গে চিন্তাও বাড়ল লাল-সবুজের প্রতিনিধিদের। জাপানের নাগোয়ায় আগামীকাল একই মাঠে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াই বাংলাদেশ দলের। সেটাও বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা আছে।

এই ম্যাচটি না হলে ক্ষতি হবে লিটনদের। এবার র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় কোনো ম্যাচ না খেলেও ফাইনালের লড়াই থেকে যেমন ছিটকে পড়তে হবে, তেমনি পদকও নিশ্চিত হবে না। এরপর ব্রোঞ্জের জন্য খেলতে হবে বাংলাদেশকে।