ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাটে এলাকায় অবৈধ ভিওআইপি কলিং ডিভাইসসহ দুই আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)। ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ওই দুজন আটক করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মহেশপুর উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ডিভাইস জব্দ করে ডিবি পুলিশ।
আটক দুজন হলেন- একই উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম (৫৪) ও ইউনিয়ন যুবলীগের নেতা শাহেব আলী (৩০)।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাটে এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেসময় ওই বাড়ি থেকে ভিআইপি কলিংয়ে ব্যবহৃত বিপুল পরিমাণ ডিভাইস, দেশি-বিদেশি অবৈধ মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
ডিবির ওই কর্মকর্তা আরো জানান, আটক দুই জনের বিরুদ্ধে অবৈধভাবে ভিওআইপি ডিভাইস ব্যবহার করার অভিযোগে টেলিকমিউনিকেশন আইন-২০০১ এর অধীনে মামলা হয়েছে। ডিভাইসগুলো আমরা বাংলাদেশ টেলি কমিউনিকেশন অথরিটিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠাবো।