চন্দনাইশে অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলিংয়ের দায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলিংয়ের দায়ে একটি স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমানের নেতৃত্বে পল্লী বিদ্যুতের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ডের গাছবাড়িয়া সরকারি কলেজের পশ্চিম পাশে অবৈধভাবে গ্যাস রিফিলিংয়ে ব্যবহৃত ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির সিলিন্ডার থেকে গ্যাস খুলে খালি সিলিন্ডারে অর্ধেক ভরে বাজারে বিক্রি করছিল। এতে ভোক্তারা প্রতারিত হচ্ছেন এবং ঝুঁকিপূর্ণ রিফিলিংয়ের কারণে বিস্ফোরণ ও প্রাণহানির আশঙ্কা বাড়ছে।

জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান।