বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, এটাচে মিস লিয়াং শুয়িং এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাটাচে ওয়াং ডাউয়েই।

সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে উভয় দেশ একযোগে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াতের পক্ষ থেকে দলের আমির ও নেতারা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিস্থিতি তৈরিতে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের প্রশংসা করেন। বিশেষ করে জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের সময় জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মধ্যে সম্পর্কোন্নয়ন, পারস্পরিক সংলাপের পরিবেশ সৃষ্টিতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ইতিবাচক ভূমিকা রাখায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. জাহিদুর রহমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।