বান্দরবানে আপন ভাতিজি তাইফা সুলতানাকে (৪) হত্যার অভিযোগ উঠেছে ফুফু নারগিছ সুলতানার (৫২) বিরুদ্ধে। এ ঘটনায় ফুফুকে আটক করেছে পুলিশ। গত সোমবার বিকেলে বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাইফা সুলতানা বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকার টিপু খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাইফা সুলতানাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পাওয়ায় থানায় জিডি করা হয়। বিকালে খোঁজাখুঁজির একপর্যায়ে সিসিটিভি ফুটেজ দেখে ফুফু নারগিছের ওপর সন্দেহ হলে তার বাসায় তল্লাসি চালিয়ে একটি বাক্সের ভিতরে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, নারগিছ সুলতানা মানসিক রোগী।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারগিছ সুলতানা নিজে হত্যার দায় স্বীকার করেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা নারগিস সুলতানাকে মানসিক রোগী বলছেন। তিনি আগে কোথাও মানসিক চিকিৎসা নিয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।