রাজধানীর উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিনে কেককাটা উপলক্ষে একত্রিত হওয়া এবং নাশকতার প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ১৪ জনকে তিন দিনের এবং একজনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কমকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে ১৪ জনকে তিন দিন ও ফারজানা (২১) নামে একজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিন দিনের রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), হৃদয় হাসান (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), মো. আরিফ (২৮), মো. ওমর ফারুক (২১), আব্দুল্লাহ আল আমান (১৯), মো. আব্দুল্লাহ আল নোমান (২১), মো. সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯) ও মো. হাসিব মিয়া (২৩)।
রিমান্ড আবেদনে বলা হয় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রস্তুতি নিচ্ছিলেন, এ তথ্য জানার জন্য আসামিদের রিমান্ডে নেওয়া প্রায়োজন।
অভিযোগ অনুযায়ী, গত সোমবার উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় একটি কক্ষের টেবিলের ড্রয়ার থেকে স্বেচ্ছাসেবক লীগের বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন কমিটির পদপ্রত্যাশী ২০ জনের নাম ও জীবনবৃত্তান্ত লেখা ২০ পৃষ্ঠা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা কাগজপত্রে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের লোগো, শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ছিল। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় রাষ্ট্রবিরোধী কর্মকান্ড ও নাশকতার প্রস্তুতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।