সিইউএফএলে ফের উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে ১০ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরেছে দেশের বৃহত্তম রাষ্ট্রীয় সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে বলে জানান সিইউএফএল কর্তৃপক্ষ। টানা ছয় মাস গ্যাস-সংকটের কারণে বন্ধ থাকার পর গত ১৫ সেপ্টেম্বর গ্যাস সরবরাহ পেয়ে উৎপাদনে ফিরেছিল কারখানাটি। কিন্তু চালুর দুই দিনের মাথায় গত ১৭ সেপ্টেম্বর ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও কারখানাটির ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। সিইউএফএল সূত্র জানায়, গত ২৫ আগস্ট গ্যাস সরবরাহ পাওয়ার পর কারখানাটিতে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। এরপর গত ১৫ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। চালুর দুই দিন পর গত ১৭ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে আরসি পাম্পের সিল লিকেজ দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, গ্যাস সরবরাহ দেওয়ার পর কারখানাটি চালু করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৭ সেপ্টেম্বর আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। এসব ত্রুটি সেরে মঙ্গলবার বিকেল থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। এর আগে গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কারখানায় সার উৎপাদন বন্ধ ছিল। ২৫ আগস্ট থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। সিইউএফএলে দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন।