আলবিসেলেস্তেদের জার্সিতে '১০' নম্বর কেবল একটি সংখ্যা নয়, এটি তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে ভারী এক প্রতীক। ম্যারাডোনার পর যে জার্সিটি গায়ে জড়িয়ে রূপকথা লিখেছেন লিওনেল মেসি, তার বিদায়ের পর সেই নম্বরটি কার জার্সিতে উঠবে? এই প্রশ্নটি এখন সবার।
তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে এখনই কোনো তাড়াহুড়ো করতে চান না কোচ লিওনেল স্কালোনি। বিদায়ী মঞ্চের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া পর্যন্ত এই জার্সিটি থাকবে মেসিরই।
আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। তার এই অন্তিম বিদায়ের প্রাক্কালে কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে অফিশিয়ালি শুরু হচ্ছে মেসি-পরবর্তী যুগের প্রাথমিক পরীক্ষা। মাঠে নামার ঠিক আগে স্কোয়াডের ভবিষ্যৎ পরিকল্পনা ও জার্সি নম্বর নিয়ে খোলামেলা কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি।
মঙ্গলবারের ওই সংবাদ সম্মেলনে মেসির জার্সি নম্বরের প্রসঙ্গে কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমরা এই ম্যাচগুলোর জন্য এটি বরাদ্দ করতে বাধ্য নই, তাই লির বিদায়ী ম্যাচের আগে আমরা এটি কাউকে দেব না। এর বিশেষ গুরুত্ব বিবেচনা করে কেউ একজন শেষ পর্যন্ত এটি গায়ে জড়াবে, এটাই পরিকল্পনা। তবে আমরা এখনও ঠিক করিনি কে সেটা পাবে।’
মেসিবিহীন মাঠে দল কীভাবে নিজেদের মানিয়ে নেবে, সেই কৌশল সাজাতে গিয়ে ট্যাকটিক্যাল পরিবর্তনেও হাত দিয়েছেন স্কালোনি। অতীতে যে কম্বিনেশনগুলো সাধারণত এড়িয়ে চলতেন, এবার ফরোয়ার্ড লাইনে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজকে একসঙ্গে মাঠে নামানোর পরিকল্পনা করছেন তিনি।
এছাড়া মিডফিল্ডে প্লেমেকিংয়ের মূল দায়িত্ব নিতে পারেন ইতালির ক্লাব কোমোর হয়ে খেলা তরুণ নিকোলাস পাজ। দল পরিচালনার এই নতুন দর্শন ও পরীক্ষার মঞ্চ নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা ভিন্নভাবে খেলার একটা উপায় বের করব। এই ম্যাচগুলো তো পরীক্ষার জন্যই। তবে আমাদের মূল স্টাইল বল নিয়ন্ত্রণে রাখার ওপরই নির্ভর করে। সেখান থেকেই আমরা দেখব কীভাবে মানিয়ে নেওয়া যায়।’
মাঠের এই রূপান্তর প্রক্রিয়ার পাশাপাশি কোচের নিজের ভবিষ্যৎ নিয়েও স্বস্তির খবর মিলেছে। ইএসপিএনের এক প্রতিবেদনের সূত্রমতে, সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স নিয়ে নানা চিন্তাভাবনা থাকলেও শেষ পর্যন্ত ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আলবিসেলেস্তাদের সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তিতে থাকতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
বর্তমান স্কোয়াডের ফুটবলারদের অদম্য নিবেদন ও ভবিষ্যতের লড়াই নিয়ে আর্জেন্টিনার কোচ জানান, ‘আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করব, এ বিষয়ে আমি নিশ্চিত। এই উইন্ডোতে কোনো খেলোয়াড়ই ডাক ফিরিয়ে দেয়নি, যা দারুণ এক লক্ষণ। আমরা যে কারো বিরুদ্ধে উচ্চ পর্যায়ে পারফর্ম করব, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’