গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে মীম আক্তার ও আফরিন আক্তার নামে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মীম আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী ফরহাদ আলীর মেয়ে এবং আফরিন আক্তার কবির হোসেনের মেয়ে।  

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে মীম ও আফরিন বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পশ্চিম পাশে থাকা একটি বড় পুকুরে পড়ে যায়। একপর্যায়ে অন্য শিশুরা বাড়ির উঠানে থাকলেও মীম ও আফরিনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

পরে সকাল আনুমানিক ১১টার দিকে একই গ্রামের শাহানুর পুকুরের পানিতে কিছু ভাসতে দেখে স্থানীয়দের জানান। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা পুকুরে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

নিহত দুই শিশুর মরদেহ একনজর দেখতে ফরহাদ আলীর বাড়িতে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা।

শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিন্সিপাল জাহাঙ্গীর কবির দুই শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।