ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে: রুমন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর ও জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অর্জন আড়াল করতে দেশে ভিন্ন কিছু ঘটনা ঘটিয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুমন বলেন, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। সফর সফল করতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দীর্ঘ সময় কাজ করতে হয়েছে। রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফর শেষে জাতিসংঘে বাংলাদেশের অর্জন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও টকশোতে আলোচনা হবে বলে প্রত্যাশা ছিল জানিয়ে রুমন বলেন, ‘দেশে আসার পর জাতিসংঘে বাংলাদেশের সফলতা নিয়ে গণমাধ্যমে সংবাদ হবে, টকশোতে আলোচনা হবে, এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু তখনই এমন সব ঘটনা ঘটানো হয়েছে। ফলে সব গণমাধ্যম সেই ঘটনাগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট সরকারের দেশ চালানোর যে সূত্র ছিল, আমাদের বিরোধী গোষ্ঠীও সেই মন্ত্রেই চলছে।’

সরকারের কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে দাবি করে রুমন বলেন, ‘আপনি যদি একটা মানুষকে বলেন নদী পার হও, আর তার হাত-পা বেঁধে দেন, উনি কি নদী পার হতে পারবেন? সম্ভব না।’

এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন পর এবার বাংলাদেশের নির্বাচিত সরকার জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করেছে। অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব ও আলোচনা, জলবায়ু ন্যায়বিচার ও অর্থায়নের দাবি এবং বাংলাদেশের পুনর্গঠনে থ্রি আর (3R) প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সরকারের অবস্থানও তুলে ধরা হয়েছে।

তবে এসব বিষয় গণমাধ্যমে কতটা গুরুত্ব পেয়েছে, সেই প্রশ্ন তুলে রুমন বলেন, ‘তবে এসব অর্জনকে ম্লান করতে একটি গোষ্ঠী সংঘবদ্ধভাবে পরিকল্পিত কিছু অপকর্ম ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেছে।’

দেশের ভঙ্গুর অবস্থায় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান। আপনারা সরকারকে সহযোগিতা করুন।’