লিটারে প্রায় ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েল

দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। আজ বুধবার রাত ১২টার পর থেকেই নতুন ঘোষিত দাম কার্যকর হবে।

বুধবার এক বিশেষ আদেশের মাধ্যমে নতুন এই মূল্যসূচি ঘোষণা করে বিইআরসি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দর পুনর্নির্ধারণ করা হয়েছে। দেশে বিদ্যুৎ উৎপাদনে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহৃত হয়। ফলে এক ধাক্কায় ফার্নেস অয়েলের বড় অঙ্কের এই দাম বৃদ্ধির কারণে জ্বালানি তেলনির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিদ্যুৎ উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে টানা দুই মাস ফার্নেস অয়েলের দাম কমিয়েছিল বিইআরসি। গত ৩০ জুন প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। পরবর্তী দুই মাসে তা ধারাবাহিকভাবে আরও কমে ৯৬ টাকা ৮৬ পয়সায় নেমে এসেছিল। তবে এবার এক লাফেই লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হলো।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১ (উড়োজাহাজের জ্বালানি)-এর দাম নির্ধারণের পূর্ণ এখতিয়ার বিইআরসিকে প্রদান করে। এরপর চলতি বছরের জানুয়ারিতে গণশুনানি শেষে ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে কমিশন।
 
সেই থেকে প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সমন্বয় করে নতুন দর প্রকাশ করে আসছে বিইআরসি।