টাইমস হায়ার র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি, বুয়েট

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে শীর্ষ ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা হয়নি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)। তবে দেশের তিনটি বেসরকারি ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ৮০১ থেকে ১০০০-এর মধ্যে রয়েছে।

৮০১ থেকে ১০০০ অবস্থানের তালিকায় থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই তালিকায় একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন ও আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ভিত্তিতে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং প্রকাশ করে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ২০২৭ সালের র‍্যাংকিং প্রকাশ করা হয়। এতে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে।

এবারের র‍্যাংকিংয়ে বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। এর মধ্যে বুয়েট ও ঢাবির অবস্থান ১০০১ থেকে ১২০০-এর মধ্যে। একই অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

১২০১ থেকে ১৪০০ অবস্থানে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

১৪০১ থেকে ১৬০০ অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া ১৮০১ থেকে ২০০০ অবস্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

এবারের র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

সেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় দক্ষিণ এশিয়ার ভারত থেকে ৪০টি এবং পাকিস্তান থেকে ২২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তালিকায় ভারতের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অবস্থান ২৫৪তম। পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কায়েদ এ আজম ইউনিভার্সিটির অবস্থান ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে।