শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ করল বাঁশখালীর আলাওল কলেজ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সদরে অবস্থিত একমাত্র সরকারি আলাওল কলেজ। কলেজের পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীদের বিভিন্ন ভিডিওসহ নানা কারণে যখন কলেজটি নিয়ে আলোচনা চলছে, তখন কলেজ কর্তৃপক্ষ স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

কলেজ কর্তৃপক্ষের ৩৮(ক)/২৬ নম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল মঙ্গলবার সরকারি আলাওল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের জরুরি যোগাযোগের প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করা যাবে। কলেজের শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ ও সার্বিক স্বার্থে সব শিক্ষার্থীকে এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে কলেজ কর্তৃপক্ষের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার সরকারি আলাওল কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষে স্মার্টফোন ব্যবহারের বিষয়ে নজরদারি ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্রেণিকক্ষে ব্যবহৃত ৪৮টি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান।

তিনি বলেন, ‘আজ প্রথম দিনের মতো ৪৮টি মোবাইল জব্দ করা হয়েছে। পরে সেগুলো অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার থেকে কেউ স্মার্টফোন নিয়ে এলে সেটি জব্দ করা হলে আর ফেরত দেওয়া হবে না।’

তিনি আরও জানান, প্রতিদিন তিনজন করে শিক্ষক শ্রেণিকক্ষে স্মার্টফোন ব্যবহার হচ্ছে কি না, তা তদারকি করবেন।